পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসব ঘটনা ঘটে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

গাজীপুরের টঙ্গী ও গাজীপুরা এলাকায় বি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসব ঘটনা ঘটে। 

এতে ভোগান্তিতে পড়েন চালক, যাত্রী ও সাধারণ মানুষ। অবরোধ চলাকালে বাধা দেওয়ায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ, হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের জেরে একের পর এক অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

এদিকে, মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের মালামাল বের করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
হামলা-ভাংচুরের মধ্যে পড়ে এক পথচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে টঙ্গী, গাজীপুর শিল্পাঞ্চলে আতঙ্ক এবং থমথমে পরিবেশ বিরাজ করছে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা আন্দোলন করছিলেন। হঠাৎ শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হন। এরপর তারা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে গাজীপুরা পুলিশ বক্সে ভাংচুর চালানো হয়। এ সময় পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার নথিপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয় তারা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে দেয় আন্দোলনকারীরা। পরে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”