'বাকি ৫ জন আসামিকেও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে'
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করাকে প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছ থেকে দুঃস্থদের জন্য শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের দেয়া দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী গ্রহণের সময় তিনি এই মন্তব্য করেন বলে বার্তা সংস্থা ইউএনবি'র একটি খবরে বলা হয়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, "গতকাল (শনিবার) বঙ্গবন্ধুর একজন খুনির ( আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বাকি আরও ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুইজন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদের ফাঁসিও কার্যকর করা হবে।"
এ সময় মন্ত্রী দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং অতিব প্রয়োজন ব্যতিত ঘর হতে বের না হওয়ার জন্য আহ্বান করেন।
ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মতামত দিন