'সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই'
প্রতারণা মামলার আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (১২ জুলাই) মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম যে কোন সময় গ্রেফতার হতে পারেন, তার বিদেশে পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।”
“সাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতোমধ্যে র্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। আইন শৃংখলা বাহিনী শিগগির তাকে ধরতে সক্ষম হবে,” যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তার বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই।”
“সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে। সাহেদ কি ধরনের অন্যায় করেছে সেগুলো পুলিশ এবং র্যাব তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে তার অন্যায়ের গভীরতাটা কতটুকু জানা যাবে”, যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, আইজিপি ড. বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন