নিহত জিম পঞ্চম ও সুমাইয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল
পাবনা সদর উপজেলার সাত মাইল নামক স্থানে একটি ইটভাটার পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল বিএমবি ইটভাটার পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক এ মৃত্যু হয়।
নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের ওহেদ শেখের মেয়ে জিম খাতুন (১২) ও একই উপজেলার বাঁশেরবাদা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন (১৩)। নিহত জিম পঞ্চম ও সুমাইয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তারা সম্পর্কে আপন খালোতো বোন।
স্থানীয়রা ও ওই দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার সাহাপুর গ্রামের নানা চাঁদু শেখের বাড়িতে গত বুধবার (৫ আগস্ট) তারা দুই বোন বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তারা নানা বাড়ির পাশে অবস্থিত বিএমবি ইটভাটার ওই পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।
পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর ওই পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, পানিতে ডুবে মারা যাওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দুটি তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মতামত দিন