‘আমরা প্রতিবেদনটি পেয়েছি। এটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে’
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা প্রতিবেদনটি পেয়েছি। এটি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, তদন্তাধীন বিষয় বলে প্রতিবেদন এখনই প্রকাশ করা হবে না। তবে আদালত চাইলে প্রতিবেদনটি আদালতের কাছে জমা দেওয়া হবে।
আরও পড়ুন - প্রদীপ দাশ: ভক্ষকে পরিণত হওয়া এক রক্ষক
তদন্ত কমিটি গঠনের সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছিল মন্ত্রণালয়। তারপর প্রতিবেদন দাখিলের সময় ২৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
কমিটি ৬৮ জনের সাক্ষাৎকার ও ঘটনাস্থল পরিদর্শন প্রতিবেদনটি সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।
আরও পড়ুন - ফেসবুকে শিপ্রার ছবি দেওয়া দুই এসপির বিরুদ্ধে করা রিট খারিজ
মতামত দিন