৭ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে এর জবাব দিতে বলা হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বানান ভুল থাকায় একাডেমিক ক্যালেন্ডারের প্রুফ কপি কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কাছে জমা দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ইবি উপাচার্যের ব্যক্তিগত সচিব আয়ুব আলীর স্বাক্ষরে নোটিসটি দেওয়া হয়েছে বলে উপাচার্য কার্যালয় সূত্র জানিয়েছে। নোটিসটিতে, সাত কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে।
তবে আবদুল লফিত বলেন, “ক্যালেন্ডারের খসড়া কপি তৈরির সাথে আমার কোনও সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু আমাকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তা বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক এবং একাডেমিক ক্যালেন্ডার কমিটির সদস্য সচিব মো. আতাউল হক জানান, অসুস্থতার কারণে তিনি প্রুফ কপি রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে পাঠিয়েছিলেন।
ইবি উপাচার্য আবদুস সালাম জানান, তার কাছে দেওয়া ক্যালেন্ডারের কপি খসড়া বা চূড়ান্ত ছিল কি না তা রেজিস্ট্রার তাকে জানাননি। তিনি বলেন, “এখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামের বানান ভুল থাকায় আমি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।”
মতামত দিন