প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুইবছর পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। ২০১৯ সালের ৭ জানুয়ারি নতুন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঁচাত্তর পরবর্তী সময়ে এনিয়ে দলটি চতুর্থবার সরকার গঠন করে।
প্রধানমন্ত্রী হিসেবেও টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর দুইবছর পূর্ণ করল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের ইতিহাসে টানা এতদিন ক্ষমতায় থাকার রেকর্ড এর পূর্বে আর কারও নেই।
এর আগে, সরকারের প্রথম বছর পূর্তিতে গতবছর ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দুর্নীতি দমন করে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।
মতামত দিন