নিহত তিন শিশু হলো-জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মণি (৮)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো-জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মণি (৮)। তারা তিনজনই জাকের হোসেনের সন্তান।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আধা পাকা বাড়িটিতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত শিশুদের কক্ষটির চারিদিকে আগুনবেষ্টিত হওয়ায় তারা বের হতে পারেনি। তবে অন্যকক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, "অগ্নিকান্ডে তিন শিশু নিহতের ঘটনা শুনেই আমি ঘটনাস্থলে ছুটে যাই।"
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মতামত দিন