গত সাত দিনের চলমান মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, আপাতদৃষ্টিতে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের চেয়ে ভাল অবস্থানে আছে বাংলাদেশ
দেশে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান মৃত্যু এবং গত সাত দিনের চলমান মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, আপাতদৃষ্টিতে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের চেয়ে ভাল অবস্থানে আছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশে প্রতি মিলিয়নে বা প্রতি দশ লাখে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬১ জন, যা এই অঞ্চলের মধ্যে তৃতীয় সর্বনিম্ন।
তবে মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে, সাড়ে ১৬ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার শীর্ষ তিনটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি।
করোনাভাইরাসের নতুন ঢেউয়ের কারণে দেশে মৃতের সংখ্যা ৯,০০০ থেকে ১০,০০০-এ যেতে মাত্র ১৫ দিন সময় লেগেছে (৩১ মার্চ মোট প্রাণহানি ৯,০০০ ছাড়িয়ে গেছে)।
বাংলাদেশে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে বুধবার (১৪ এপ্রিল) সকালের মধ্যে করোনাভাইরাসে রেকর্ড ৯৬ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের সর্বোচ্চ সংখ্যা। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে, যার ফলে মহামারিতে সামগ্রিকভাবে মৃতের সংখ্যা ১০,০৮১ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের মোট ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি টেস্ট করানো হয়েছে, যার ফলে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩.৮৩%।

ইনফোগ্রাফিক আসমাউল হক মামুন
প্রতিবেশী দেশ ভারতে প্রতি দশ লাখ মানুষের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১২৫ জন, যা দক্ষিণ এশিয়ায় সর্বাধিক। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৭৩ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে এবং এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।
অপরদিকে, দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান যার জনসংখ্যা ২২ কোটি ৪২ লাখ, সেখানে প্রতি দশ লাখ মানুষের মধ্যে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে (মোট ১৫ হাজার ৮৭২ টি প্রাণহানি)।
অন্যদিকে, ভুটান মহামারি মোকাবেলায় উল্লেখযোগ্য রকম ভাল করছে। ৭ লাখ ৭৮ হাজার ২৬৭ জনসংখ্যার একটি ছোট দেশ ভুটান, দেশটিতে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে মাত্র একটি মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভুটানের এ ভাইরাসে শনাক্তের সংখ্যাও কম — মার্চ ২০২০ থেকে ভুটানে মাত্র ৯২৯ জন কোভিড-১৯ এর জন্য পজিটিভ হয়েছে।
যদিও মালদ্বীপ এবং নেপালে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাংলাদেশের তুলনায় কম, তবে তাদের প্রতি মিলিয়ন বা দশ লাখ মানুষের মধ্যে মৃতের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি যথাক্রমে ১২২ এবং ১০৪ জন।
মতামত দিন