নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়
বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন কুষ্টিয়া ও পাবনা জেলার দুই ইউনিয়নের কয়েকশ’ মানুষ। বুধবার (২১ এপ্রিল) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর মহেন্দ্রপুর স্কুলের পাশে মাঠে চলমান “কঠোর লকডাউনের” মধ্যেই এ নামাজ আদায় করা হয়।
কুমারখালীর জগন্নাথপুর এবং পার্শ্ববর্তী পাবনার চর ভবানীপুর গ্রামের মানুষ এ নামাজে অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে নামাজ আদায়কালীন মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসেই লোকজন নামাজ পড়েন।
বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী। তিনি বলেন, “দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এ রকম পরিস্থিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহপাকের দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত। তাই এই নামাজের আয়োজন করা হয়।”
প্রসঙ্গত, এর আগে সোমবার (১৯ এপ্রিল) একই স্থানে ওই এলাকার মানুষ প্রথমবারের বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করে।
মতামত দিন