পুলিশের বিশেষ শাখার (এসবি) ছাড়পত্র দেখানোর পর তাদেরকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়
মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তান ও পরিবারের কয়েক সদস্য দেশ ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে একটি চার্টাড ফ্লাইটে দেশ ত্যাগ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান ঢাকা ট্রিবিউনকে বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইট তাদেরকে নিয়ে দুবাইয়ের আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, পরিবারটির এক সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। কিন্তু পুলিশের বিশেষ শাখার (এসবি) ছাড়পত্র দেখানোর পর তাদেরকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন - গুলশানে অভিজাত ফ্ল্যাটে মিললো তরুণীর লাশ
বিমানবন্দরের সিনিয়র একজন ইমিগ্রেশন অফিসার সূত্রে জানা যায়, সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের স্ত্রী ইয়াশা সোবহান, তার মেয়ে এবং তিন গৃহকর্মীসহ মোট আটজন ওই ফ্লাইটে ছিলেন।
বিমানবন্দরের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ঢাকা ট্রিবিউনকে জানান, বসুন্ধরা গ্রুপের এমডির দুই ছোট ভাই সাফওয়ান সোবহান তাসভীর ও শফিয়াত সোবহান সানভিরের শুক্রবার (৩০ এপ্রিল) বেলা দেড়টায় ফ্লাইটে দেশত্যাগের কথা রয়েছে।
আরও পড়ুন - বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
একজন অভিবাসন কর্মকর্তা জানান, সায়েম সোবহান আনভিরের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তিনি দেশত্যাগের অনুমতি পাননি।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সায়েম সোবহান এখনও বাংলাদেশে আছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
আরও পড়ুন - বসুন্ধরার এমডির আগাম জামিন আবেদন
মতামত দিন