স্থানীয়রা ঘটনাটি সমাধান করার আশ্বাস দিয়ে কালক্ষেপণ শুরু করে। তাই ধর্ষণের শিকার নারীর বৃদ্ধা মা বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন
চাঁদপুরের ফরিদগঞ্জে ২৫ বছর বয়সী যুবকের বিরুদ্ধে ৫১ বছর বয়সী এক প্রতিবন্ধী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বৃদ্ধা মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবক সাইফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ধর্ষণের শিকার নারীর বৃদ্ধ মা পাশের ঘরে পান খাওয়ার জন্য যান। তখন অভিযুক্ত সাইফুল ওই নারীকে ঘরে একা পেয়ে মুখে কাপড় বেঁধে ঘরের পাশের ঝিলে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার (ধর্ষণের শিকার নারীর) চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।
এদিকে, ঘটনাটি স্থানীয়রা সমাধান করবে বলে কালক্ষেপণ করতে শুরু করে। পরে ধর্ষণের শিকার ওই নারী মা বাদী হয়ে গত বুধবার (৫ মে) রাতে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযুক্ত যুবক সাইফুলকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়েছি।
তিনি বলেন, “বৃহস্পতিবার (৬ মে) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। অন্যদিকে, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
মতামত দিন