এসএসসি-এইচএসসি ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী বাদে বাকিদের ক্লাস হবে সপ্তাহে একদিন
আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, এ বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। বাকিদের ক্লাস হবে সপ্তাহে একদিন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, “এ বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস কিছুদিন পর শেষ হয়ে যাবে। এরপর নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে।”
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রী বলেন, “অক্টোবরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। কিন্তু এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপাচার্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চাইলে এর আগেও খুলতে পারবেন।”
প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয়গুলো এখনই খুলছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, “আগামী সপ্তাহে উপাচার্যদের একটি বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ দেশের সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে দফায় দফায় অনেকবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করা হয়। সর্বশেষ গত ২৬ আগস্ট সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়।
মতামত দিন