বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিল ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে গাজীপুরের টঙ্গীর শাপলা ফুড কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল এহসান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল এহসান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন এবং বিএসটিআইয়ের সিল ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করায় ওই প্রতিষ্ঠানকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি নোংরা পরিবেশে জুস, সেমাই, এডিবল জুস, চকলেট, আইস ললি ও চাটনিসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য উৎপাদন করে আসছে।
বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা রেবেকা সুলতানা, সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।



