Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে সাফারি পার্কে ‘এক হাতির ধাক্কায়’ আরেক হাতির মৃত্যু

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০:১৯ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত ২২ ডিসেম্বর পার্কের ভেতরের হাতিশালায় হাতিটির মৃত্যু হলেও বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।

সোমবার (০২ জানুয়ারি) সাফারি পার্কের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী হাতির মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

হাতির মরদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

আমীর হোসাইন চৌধুরী বলেন, “শারীরিকভাবে অনেক দুর্বল প্রকৃতির হাতিটির বয়স হয়েছিল ৪৭-৪৮ বছর। ২২ ডিসেম্বর পার্কের হাতিশালায় অপর একটি হাতি ওই হাতিকে ধাক্কা দিয়ে পিলারের ওপর ফেলে দেয়। এর কিছুক্ষণ পর হাতিটি মারা যায়। ইতোমধ্যে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, সাফারি পার্কে মোট ৯টি হাতি ছিল। ৭টি পুরুষ ও ২টি মাদি। একটি হাতি মারা যাওয়ায় এখন পার্কে ৮টি হাতি রয়েছে। মৃত হাতিটি মাদি ছিল।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ডায়েরিতে হাতিদের মধ্যে মারামারি কথা উল্লেখ করে মৃত্যুর কারণ চিহ্নিত করা হয়েছে।

   

About

Popular Links

x