Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্তানের মুখ দেখা হলো না গুলশানে আগুনের ঘটনায় নিহত আনোয়ারের

ওই ভবনে আগুন লাগার পর সেখান থেকে লাফিয়ে বা পড়ে গিয়ে আনোয়ারের মৃত্যু হয়, তার স্ত্রীঅন্তঃসত্ত্বা 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ এএম

রাজধানীর গুলশান ২-এর এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম আনোয়ার হোসেন (৩০)।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মৃতের বড় বোন বিলকিস বেগম ও ছোট ভাই জুলহাস তার লাশ শনাক্ত করেন।

আনোয়ার হোসেনের ছোট ভাইয়ের জুলহাস বলেন, “ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ ও বাজার করতেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে ও টিভিতে নিউজ দেখে ঢামেকে এসে তার লাশ শনাক্ত করি।”

আনোয়ার হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন জুলহাস।

গুলশান থানার উপ-পরিদর্শক এসআই বাবলুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “ওই ভবনে আগুন লাগার পর সেখান থেকে লাফিয়ে বা পড়ে গিয়ে আনোয়ারের মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হয়।”

রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ১২ তলার একটি আবাসিক ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়। 

দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

   

About

Popular Links

x