Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

 এ নিয়ে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ২১ জনে দাাঁড়ালো

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

রাজধানী ঢাকার গুলিস্তানে (সিদ্দিকবাজার) ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ২১ জনে দাাঁড়ালো।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বিধ্বস্ত ভবনের বেজমেন্টের ধ্বংসস্তূপ থেকে মেহেদী হাসান স্বপন (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

উদ্ধারের পর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে স্বজনরা সেটি মেহেদী হাসান স্বপনের বলে শনাক্ত করেন।

নিহত স্বপনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম এনায়েতপুর গ্রামে। তিনি সপরিবারে ঢাকার রামপুরা এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক স্বপন সিদ্দিকবাজারের ওই ভবনে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানের ম্যানেজার ছিলেন।

নিহতের বড় ভাই তানভীর হাসান সোহাগ ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। ঢামেকে এসে ভাইয়ের লাশ শনাক্ত করি।”

৭ মার্চ, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের (সিদ্দিকবাজার) পৌর ভবনে নামে বিল্ডিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা এবং অন্যটির নিচতলা বিধ্বস্ত হয়। পাঁচতলা ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় শতাধিক ব্যক্তিকে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

   

About

Popular Links

x