রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ারে কাজ করার সময় ভেঙে পড়ে মো. আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৬ মার্চ) বিকেলে মাতুয়াইলে মৃধাবাড়ী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্ট-এর পূর্ব-উত্তর কর্নারে রাস্তার পাশে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ভেঙে উপর থেকে মাটির ওপর পড়ে গুরুতর আহত হন দুই শ্রমিক। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল, সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন।
মো. আব্দুল্লাহ শেখ ফেলু (২৩) আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।”
নিহত আমিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।



