Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

‘৪০ বছর ধরে আমরা তাদের থেকে টাকা নিয়ে চলেছি। আজ তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা করার কথা, সেগুলো না করে এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি’

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৫:০৪ পিএম

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২০ লাখ টাকা সহায়তা দিলেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। সারা দেশে তৃতীয় লিঙ্গের কেউ ঈদ-উল-ফিতরের কেনাকাটা করবেন না। তাদের কেনাকাটার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য দিয়েছেন।

রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা অগ্নিকাণ্ডের জায়গায় উপস্থিত হয়ে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির হাতে এ সহায়তার টাকা তুলে দেন।

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দীপালী হিজড়া সাংবাদিকদের বলেন, “৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের থেকে টাকা নিয়ে চলেছি। আজ তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা করার কথা, সেগুলো না করে এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারা দেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো।”

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমা রাখি শেখ বলেন, “আমরা মানুষের কাছ থেকে এক-দুই টাকা করে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দেবো। এই টাকা কোনো ব্যবসায়ীর হাতে দেওয়া হবে না। পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।”

এই অনুদানের টাকা হস্তান্তরের সময় ঢাকাসহ আশপাশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমায়েরা উপস্থিত ছিলেন। এছাড়াও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পরে বকুল হিজরা বলেন, “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরও সহযোগিতা করা হবে। আমরা আজ আনুষ্ঠানিকভাবে ২০ লাখ টাকা দিয়েছি। এরপর যে যার মতো করে অনুদান দেবেন।”

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “আজ হাতে পাওয়া টাকার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা ২০ লাখ টাকা দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো, তাদের যেন কখনও অবহেলার চোখে দেখা না হয়।”

   

About

Popular Links

x