রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ফিল্ড অফিসার সদরুল হক (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী মমিনুর রহমান গুরুতর আহত হন। ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উত্তর বাড্ডার সুবাস্তু এলাকার সড়কে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস। এতে মোটরসাইকেলের পেছনে থাকা সদরুল পড়ে গিয়ে ওই বাসের নিচেই পিষ্ট হন। সামান্য আহত হন তার সহকর্মী মমিনুর।
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সদরুল খিলগাঁও ডিপিডিসির এনওসিএস পদে কর্মরত ছিলেন। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তার সহকর্মী সুমন উজ্জামান।
সুমন বলেন, “সম্প্রতি চিকিৎসা ও ভ্রমণের জন্য সস্ত্রীক ভারতীয় ভিসার আবেদন করেন সদরুল। আজকে ভিসা আনতে ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে খিলগাঁওয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।”
অভিযুক্ত বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
নিহতের সদরুলের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাটে। তিনি ঢাকার বাসাবো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে। তিন বছর আগে তিনি বিয়ে করেন।
আহত মমিনুরের বাসাও খিলগাঁও এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু বলেন, বাড্ডার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



