Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পানির লাইন মেরামতের সময় ‘গ্যাসলাইনে বিস্ফোরণ’, জবি শিক্ষার্থীসহ দগ্ধ ৯

দগ্ধদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে

আপডেট : ০১ মে ২০২৩, ০২:০৭ পিএম

রাজধানীর গেন্ডারিয়া ধূপখোলা বাজার এলাকায় রাস্তায় ওয়াসার পানির লাইন মেরামতের সময় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ও ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে মুদি দোকানি আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও মিমের ছেলে মো. আলিফ (২) এই তিনজনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানসহ (২৫) দগ্ধ মো. সোহেল (৪৮), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), সাহারা বেগম (৬৫) এবং মিজানুর রহমানকে (৩২) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

দগ্ধ আব্দুর রহিমের দোকানের পাশের দোকানদার শোয়েব হোসেন জানান, ধূপখোলা মাছ বাজার সংলগ্ন ভাড়া বাসার পাশেই আব্দুর রহিমের মুদি দোকান। ঘটনার সময় তিনি দোকানেই বসে ছিলেন। দোকানের সঙ্গে লাগোয়া ঘরে মিম ও তার ছেলে ছিল। তাদের দোকানের সামনে ওয়াসার পানির লাইনের জন্য ড্রেন খননের কাজ চলছিল। সেখান থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে তাদের দোকান ঘরসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে, এতে তারা দগ্ধ হয়।

এছাড়া দগ্ধ শিক্ষার্থী মেহেদির বন্ধু হাসান আলী বলেন, “ধূপখোলার একটি মেসে আমরা থাকি। সকালে মেহেদী বাজার করতে গিয়ে সেখানে দুর্ঘটনার শিকার হয়।”

   

About

Popular Links

x