রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহমুদার স্বামী সেলিমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বনশ্রী ফরায়েজী হাসপাতালে নেওয়ার খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমরা সেখানে যাই। পরে সেখান থেনে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বুধবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে আটক স্বামী সেলিম দাবি করলেও, বিষপানের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।”
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সেলিম তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
মা-মেয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।
মাহমুদার মামা সোহেল শিকদারের অভিযোগ, সেলিম পরকীয়ায় আসক্ত ছিলেন। এই নিয়ে মাহমুদার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। তাদের আট মাস বয়সী আরও এক সন্তান রয়েছে।



