Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছে আরও একজন

আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:৪৪ পিএম

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বাড্ডার আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– রবিউল ইসলাম (৩০), সুমন হোসেন (৩২) ও কামাল হোসেন (৩০)। আহতের নাম মো. সাইদ হাসান (২৫)।

মো. বাচ্চু মিয়া বলেন, “গুরুতর অবস্থায় সহকর্মীরা তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় রবিউল ইসলাম ও সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন কামালের মৃত্যু হয়। মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

নিহত রবিউলের বড় ভাই তৌফিজ শেখ জানান, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তালার বাইরের অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ওই মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে সহকর্মীদের সহায়তায় তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

   

About

Popular Links

x