রংপুর-নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের ১১ জেলায় আগামী বছরের জুন মাসে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় প্রকল্পটি যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পেট্রোবাংলার চেয়ারম্যান।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) ১৩৭৮.৫৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
নাজমুল আহসান জানান, ২০১৮ সালে বগুড়া থেকে নীলফামারী ইপিজেড হয়ে রংপুর পর্যন্ত গ্যাস লাইন সংযোগের কাজ শুরু হয়। ইতোমধ্যে পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। সিজিএস-টিবিএস ও রিভার ক্রসিং লাইন নির্মাণের কাজ চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে এই মেগা প্রকল্পের কাজ ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নানা জটিলতার পর চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও গ্যাস সঞ্চালনের জন্য প্রকল্পটি ২০২৩ সালের জুনে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত ১৪৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ও ৩০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন বসানো হচ্ছে।
রুট ম্যাপ অনুযায়ী, অধিগ্রহণকৃত জমিতে ট্রান্সমিশন লাইনের পাইপ, ইন্ডাকশন বেন্ড, আবরণ সামগ্রী, ফিটিংস, পিগ ট্র্যাপ, বল ভালভ ও গেট ভালভসহ বিভিন্ন যন্ত্রপাতি রাখা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ঠিকাদার কোম্পানি পাইপ স্থাপনসহ ভূমি উন্নয়নের কাজ শেষ করেছে।
পাইপলাইনের শেষ প্রান্তে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে বাইপাস রোড সংলগ্ন তিন একর জায়গায় ১০০ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট প্রতি দিন) ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্রীয় গ্যাস সরবরাহ (সিজিএস) স্টেশন স্থাপন করা হচ্ছে।
এছাড়াও প্রকল্পের আওতায় রংপুরে ৫০এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস স্থাপন করা হচ্ছে।



