মানবপাচারকে কেন্দ্র করে হামলায় কম্বোডিয়ায় জাকারিয়া রেজা নামের এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) তার ওপর এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দেশটিতে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। তারা হলেন- শরিফুল ইসলাম, নিশাত ও সাজ্জাদ।
কম্বোডিয়ায় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল হোসেনের বরাতে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণে জাকারিয়া রেজার মৃত্যু হয়েছে। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জাকারিয়ার চিকিৎসার তদারকি করা হচ্ছিল।
জানা গেছে, বাংলাদেশ থেকে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ দেওয়ার কথা বলে কম্বোডিয়ায় নিয়ে বিভিন্ন সাইবার ক্রাইমে কাজে লাগানো হয়। কম্বোডিয়ায় গিয়ে সাইবার দাসত্বের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। একেক জনকে এক থেকে পাঁচ হাজার ডলারে বিক্রি করা হচ্ছে চীনের নাগরিকদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে। কেউ প্রতিবাদ করলে কিংবা চলে আসতে চাইলে করা হয় নির্যাতন।
বাংলাদেশ ও কম্বোডিয়া- উভয় দেশেই রয়েছে এই মানবপাচারকারী চক্রের সদস্যরা। মোটা অঙ্কের বেতনে চাকরির কথা বলে বাংলাদেশিদের কম্বোডিয়ায় পাঠানো হয়। কাজের কথা বলা হলেও তাদের কম্বোডিয়ায় নেওয়া হয় ভ্রমণ ভিসায়। দেশটিতে চক্রের বাংলাদেশি সদস্যরা চায়নিজ ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের বিক্রি করে দেয়।
কাজের দক্ষতার ভিত্তিতে একেক জনকে এক থেকে পাঁচ হাজার ডলারে বিক্রি করা হয়। দেশটিতে পৌঁছানোর পরই অফিসিয়াল প্রয়োজনের কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে রেখে দেয় পাসপোর্ট। বিক্রি করা ছাড়াও পাসপোর্ট জিম্মি করেও অনেকের কাছ থেকে আদায় করা হয় লাখ টাকা।
কম্বোডিয়ায় কমপক্ষে ২০ জন বাংলাদেশি মানবপাচার চক্রের নিয়ন্ত্রণ করেন। গ্রেপ্তার শরিফুল ইসলাম তাদের একজন। নিহত জাকারিয়া রেজা কম্বোডিয়ায় শরিফুল ইসলামের হয়ে মানবপাচার চক্রে কাজ করতেন। সম্প্রতি শরিফুলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাধে। এরই জেরে ৬ ফেব্রুয়ারি রাতে জাকারিয়ার ওপর হামলা চালায় শরিফুল।



