Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহী সিটি নির্বাচনে লড়বেন তৃতীয় লিঙ্গের সাগরিকা

সাগরিকা বলেন, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণ ও আমার সম্প্রদায়ের অধিকারের কথা বলতে চাই। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই

আপডেট : ০৩ মে ২০২৩, ০৪:২৭ পিএম

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। 

মঙ্গলবার (২ মে) দুপুরে তিনি মনোনয়নপত্র তুলেছেন। এ সময় “হিজড়া সংঘ”র উপদেষ্টা শরীফ সুমন, বিভাগীয় “হিজড়া গুরু” রিনা খান, “দিনের আলো হিজড়া সংঘ”র সভাপতি মোহনা মুহীন ও কোষাধ্যক্ষ জুলি উপস্থিত ছিলেন।

সাগরিকা রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জোন-৭ থেকে ভোটের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি নগরীর শাহমখদুম থানার শিল্পীপাড়া এলাকার বাসিন্দা। 

মনোনয়নপত্র তোলার পর সাগরিকা বলেন, “সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট চাই। তবে মানুষ এখন ভিন্ন ধরনের নেতৃত্ব চায়।”

তিনি আরও বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহপাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে একসময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়। আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা।”

তৃতীয় লিঙ্গের সন্তানরা ভিনগ্রহের মানুষ নয় উল্লেখ করে সাগরিকা বলেন, “তারা এই পরিবার, সমাজ তথা দেশের মানুষ। তারা কোনো কোনো বাবা-মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছে। কিন্তু পরিতাপের বিষয় একশ্রেণির মানুষ আমাদের মানুষ হিসেবে মানতে চায় না। অথচ সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। সরকারের এই স্বীকৃতি ও ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে আজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।”

একটা প্ল্যাটফর্ম তৈরির কাজ করছেন তিনি। বলেন, “এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের ও আমার সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলতে চাই। নারী কাউন্সিলররা রাত-বিরাতে চলতে পারেন না। পুরুষরাও নারীদের নিয়ে কাজ করতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কিন্তু হিজড়াদের বেড়ে ওঠা অন্যদের থেকে আলাদা। এ জন্য যেকোনো সময় মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়াতে পারবো আমি। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।”

গত রবিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংরক্ষিত পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়নপত্র তুলেছেন। তবে মেয়র পদে এখনো কেউ মনোনয়নপত্র তোলেননি।

এ বিষয়ে রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। তবে রবিবার থেকে তোলা শুরু করেন প্রার্থীরা। ইতোমধ্যে কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে অনেকে জমা দেননি। মেয়র পদে এখনো কেউ মনোনয়নপত্র তোলেননি। প্রার্থীরা চাইলে নির্বাচনি আচারণবিধি মেনে যেকোনো সময় এসে মনোয়নপত্র তুলতে পারবেন।”

এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। 

এবার সম্ভাব্য ১৫২ কেন্দ্রের ১,১৭৩টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হবে। ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

   

About

Popular Links

x