Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে ট্যাংক-লরির মিছিল

শুক্রবার আর রহমান ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটে

আপডেট : ৩১ মে ২০২৩, ০৬:৪০ পিএম

সিলেটে একটি পেট্রোল ও সিএনজি পাম্পে হামলার প্রতিবাদে ট্যাংক-লরি নিয়ে মিছিল করেছে শ্রমিকরা।

বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে জেলার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে ট্যাংক-লরি নিয়ে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন জানান, পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করা, মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংক-লরি থেকে চাঁদাবাজি বন্ধ করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

আগামী শনিবারের (৩ জুন) মধ্যে এসব দাবি না মানলে রবিবার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংক লরি ও এলপিজি স্টেশনে কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি।

সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা এখনও নিরাপত্তাহীন। ফিলিং স্টেশনে হামলাকারীরাও এখনো গ্রেপ্তার হয়নি। এজন্য তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।

এর আগে, শুক্রবার জেলার “আর রহমান ফিলিং স্টেশন” নামে একটি পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটে। শনিবার পাম্পের ম্যানেজার অমিত কান্তি দে বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার বাসিন্দা আহমদ উদ্দিন সাজন (৩০), মো. খালেদ (২৮), চকগ্রামের বাসিন্দা হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগরের বাসিন্দা সৈকত ধর (২৭) ও দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)। তারা সকলেই ছাত্রলীগের কর্মী বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

   

About

Popular Links

x