Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশাল বিমুখ সাদিক আব্দুল্লাহ, দিলেন না ভোটও

গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:২৬ পিএম

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিনেও দেখা মেলেনি মেয়র সাদিক আব্দুল্লাহর; তিনি ভোটও দেননি।

সোমবার (১২ জুন) অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আনোয়ার হোসেন দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, দল থেকে দ্বিতীয়বারের মতো মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় ঢাকা থেকে বরিশালে আসেননি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

দলীয় মনোনয়ন পেয়েছেন তার আপন চাচা আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

দীর্ঘদিন বরিশালের বাইরে থাকলেও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কোনো প্যানেল-মেয়রকে দায়িত্ব দেননি সাদিক।

মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় বরিশালে সাদিকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ তার ছোট ভাই খোকন সেরনিয়াবাতের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।

আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন ৮৭,৭৫২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন ৩৪,৩৪৫ ভোট।

সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x