রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রবিবার (১৬ জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে রাকিব এবং তার বন্ধু রাইয়ান ধানমন্ডির শেখ জামাল মাঠেরে দিকে যান। সেখানে ফুটপাতে একটি দোকানে চা পান করেন তারা। এ সময় কয়েকজন ছিনতাইকারীর একটি দল তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলায় এবং রাইয়ানের হাতে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ার খান মেডিকেল নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, আদনানের বাবা নুরনবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করেন। তারা গ্রিনরোডে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। রাকিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্তে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।



