Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাইভেট কারের ধাক্কা, ফ্লাইওভার থেকে মোটরসাইকেল ছিটকে মার্কেটের ছাদে

মোটরসাইকেলটি রেলিংয়ের ওপর দিয়ে একটি একতলা মার্কেটের ছাদে গিয়ে পড়ে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:৪৪ এএম

ঢাকার মৌচাক এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে পাশের ভবনের ছাদে গিয়ে পড়েছে একটি চলন্ত মোটরসাইকেল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।

প্রতিবেদনে বলা হয়, মালিবাগ আবুল হোটেলের সংলগ্ন র‍্যাম্প ধরে ফ্লাইওভার হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। হঠাৎ সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। এতে মোটরসাইকেলটি রেলিং টপকে পার্শ্ববর্তী ভবনের ছাদে গিয়ে পড়ে। মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী ফ্লাইওভারের ওপরেই পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, আহত দুজনের মধ্যে ইশতিয়াক আহমেদ (৩০) মোটরসাইকেলের চালক এবং আব্দুস সাত্তার প্রামাণিক (২৩) আরোহী ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলটি ভাড়ায় চলছিল।

তিনি আরও বলেন, ফ্লাইওভারের ওপরে চলন্ত মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী ছিটকে ফ্লাইওভারের ওপরেই পড়ে যান। কিন্তু মোটরসাইকেলটি রেলিংয়ের ওপর দিয়ে একটি একতলা মার্কেটের ছাদে গিয়ে পড়ে। 

প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে গাড়িটির চালক ও আরোহীরা পালিয়ে গেছেন।

   

About

Popular Links

x