পেঁয়াজ-আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারাটা সরকারের দুর্বল দিক স্বীকার করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “আমরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না, আলুর দামও না। এগুলো নিয়ে সমালোচনা করেন, মেনে নেবো। কারণ এগুলো আমাদের দুর্বল দিক। কিন্তু আমাদের সবল দিকগুলোও মিডিয়াতে তুলে ধরুন।”
রবিবার (৮ অক্টোবর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সরকারের সবল দিকগুলোর ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, “চলতি বছর চাল উৎপাদন, বিতরণ এবং মানুষের খাদ্য নিরাপত্তায় আমরা ভালো একটা অবস্থায় আছি। আমি এ ব্যাপারে সাংবাদিক বন্ধুদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। আপনারা বিষয়টি তুলে ধরবেন।”
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “কোল্ড স্টোরেজের মালিকরা খুব অসহযোগিতা করছেন। তারা ঠিকমতো সরবরাহ করছেন না। নানাভাবে আমাদের কর্মকর্তারা মাঠ লেভেলে তাদের চাপ সৃষ্টি করলে সাপ্লাই দেয় না। স্টোর বন্ধ করে চলে যায়।”
তিনি আরও বলেন, “আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু পেঁয়াজ পচে যায়, শুকিয়ে যায়। এজন্য এ পণ্য নিয়ে আমাদের সমস্যা। নভেম্বর-ডিসেম্বরে পেঁয়াজ আমদানি করতে হয়। গত বছর যথেষ্ট উৎপাদন হয়েছিল, কিন্তু চাষিরা বিক্রি করতে পারেনি। আলুরও একই অবস্থা। তবে এবার পরিস্থিতি উল্টো। উৎপাদন কম হওয়ার সুযোগে কোল্ড স্টোরেজ মালিক ও আড়তদাররা ব্যাপকভাবে মুনাফা করছেন।”



