ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবেনেশ্বর নদে একটি কুমিরের দেখা মিলেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে রাতেই চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বুধবার (১১ অক্টোবর) বিকেলের দিকে ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ির কাছে কুমিরটি দেখতে পান স্থানীয়রা।
কুমিরটি দেখে এলাকাবাসীকে সতর্ক করতে মসজিদের মাইকে প্রচার চালানো হয়।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাত ১১ টার দিকে লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি দেখা যায়। কুমিরটি ১৫ থেকে ২০ মিনিট পর পর পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুব দিচ্ছিল।”
স্থানীয় বাসিন্দা মোফাজ্জল ব্যাপারীর ছেলে সুজন জানান, কুমিরের বিষয়টি সন্ধ্যার পর এলাকায় জানাজানি হয়। এরপর মসজিদের মাইকে এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়।
গ্রামের আরেক বাসিন্দা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী জানান, কুমিরের বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কুমিরটি উদ্ধারে কোনো পদক্ষেপ না নেওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, “এই নদের পানিতে ছোট ছোট ছেলে-মেয়েরা গোসল করে। পাশাপাশি গবাদি পশুও গোসল করানো হয়।”
কুমিরটি উদ্ধারের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী মোর্শেদ বলেন, “কুমিরের বিষয়টি আমি বন বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শীঘ্রই কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”



