ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসা থেকে ফাতেমা আক্তার মিম (১৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্ত্রী জানিয়েছেন ফাতেমা আত্মহত্যা করেছে।
শনিবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ওই বাসার লোকজন অচেতন অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান বলেন, “ভোরের দিকে ফাতেমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। পরে স্বামীকে নিয়ে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। নিয়মিত মোবাইল ফোনে দুইজনের মধ্যে কথা হতো। ছেলেটি বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো।” ডা. ইসরাত জাহানের ধারণা, প্রেমের সম্পর্কের অবনতির কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ফাতেমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবার নাম আকরাম আলী।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি। তবে যে বাসায় ফাতেমা গৃহকর্মী হিসেবে কাজ করতো, তারা জানিয়েছেন, সে আত্মহত্যা করেছে।”



