Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাঁচ বছরে কত বাড়ল দিনাজপুরের ছয় এমপির সম্পদ

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুরের বর্তমান এমপি ও তাদের স্ত্রীদের সম্পদ বেড়েছে কয়েকগুণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুরের ৬টি আসনের বর্তমান সংসদ সদস্যরা। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান এমপি ও তাদের স্ত্রীদের সম্পদ বেড়েছে কয়েকগুণ।

দিনাজপুরের ছয় আসনের বর্তমান সংসদ সদস্য ও তাদের স্ত্রীদের হলফনামায় উল্লেখ করা সম্পদের পরিমাণ তুলে ধরা হলো-

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এবারের নির্বাচনে অংশ নিতে তিনি হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৩৯ লাখ-১৫ হাজার ৪৭৬ টাকা।

পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচনে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ১১০ টাকা। পাঁচ বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে ২৭ লাখ ৪২ হাজার ৩৬৬ টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে পৈত্রিক সূত্রে পাওয়া ৬ একর ৮৮ শতক কৃষি জমি, নিজের কেনা ১০ একর ৬ শতক অকৃষি জমি, পৈত্রিক সূত্রে পাওয়া ৫ শতক জমিতে দালান, নিজের কেনা ৩ শতক জমিতে দালান এবং রাজউকে ৯ কাঠা ১৫ ছটাকের একটি প্লট দেখানো হয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে সাড়ে ৭ শতক অকৃষি জমি এবং ৪ শতক জমিতে একটি দালান দেখানো হয়েছে।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। পাঁচ বছর আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৯৩৩ টাকা। পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ২ কোটি ৮ লাখ ২৩ হাজার ৪৩৬ টাকা।

এছাড়া স্থাবর সম্পদ হিসেবে পৈত্রিক সূত্রে পাওয়া ১৮ একর ২৫ শতক জমি এবং ঢাকার উত্তরায় ৫ কাঠার একটি প্লট দেখানো হয়েছে।

দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা। পাঁচ বছর আগে তার অস্থাবর সম্পদ ছিল ৩ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৯২৯ টাকা। পাঁচ বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে ৭৩ লাখ ২৮ হাজার ৮৮৫ টাকা।

এছাড়া তার স্থাবর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে ৪ একর কৃষি জমি, ঢাকার বসুন্ধরায় ৩ কাঠা জমি, উত্তরায় ৫ কাঠা জমির ওপর ভবন ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাট।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর অস্থাবর সম্পদ ১৬ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা। পাঁচ বছর আগে তার অস্থাবর সম্পদ ছিল ৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৯১৯ টাকা। পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার ৫৫১ টাকা। তার স্ত্রীর নামে কোনো সম্পদ দেখানো হয়নি, দেখানো হয়নি কোনো স্থাবর সম্পদও।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। এছাড়া তার স্ত্রীর সম্পদের পরিমাণও বেড়েছে। মোস্তাফিজুর রহমানের বর্তমান অস্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৮১ হাজার ৪৯৪ টাকা। পাঁচ বছর আগে অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ২৯৬ টাকা।

এছাড়া তার স্থাবর সম্পদ দেখানো হয়েছে ৩ একর কৃষি জমি, ১ শতাংশ অকৃষি জমি এবং ফুলবাড়ীতে ৪৬৬.৬৫ বর্গকিলোমিটারের একটি মার্কেট। পাঁচ বছরে সম্পদ বেড়েছে তার স্ত্রীরও। পাঁচ বছর আগে তার স্ত্রীর অস্থাবর সম্পদ ছিল ৭৫ লাখ ৭৪ হাজার ৬৮৯ টাকা। এবার তার স্ত্রীর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৭০৯ টাকা। এছাড়া তার স্ত্রীর নামে দিনাজপুর শহরে ৪৪ লাখ ৮৬ হাজার ৩৯৮ লাখ টাকা মূল্যের একটি বাড়ি দেখানো হয়েছে।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পাঁচ বছরে সম্পদ বেড়েছে প্রায় চারগুণ। বর্তমানে তার অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা। ৫ বছর আগে তার অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৪৫৭ টাকা।

   

About

Popular Links

x