Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ট্র্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১

  • ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
  • আহত অন্তত ১০ জন 
  • রেললাইনের পাশ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুষ্কৃতিকারীরা রাতের কোনো একসময় গ্যাস-কাটার দিয়ে রেললাইন কেটে রাখে। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া চিলাই ব্রিজে আসা মাত্রই ইঞ্জিনসহ সাতটি বগি রেলপথের পাশের নিচু জমিতে পড়ে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়। রেললাইনের পাশের ঝোপ থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ রেল ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটল। এর আগে, মঙ্গলবার রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

   

About

Popular Links

x