বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। হাজারো মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছেন দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গকারীদের।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর আওয়ামী লীগের পক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরপরই জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর সারিবদ্ধভাবে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। জনসমাগম রুপ নেয় জনসমুদ্রে। মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।
সাভারের আশুলিয়া থেকে স্মৃতিসৌধে ফুল দিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “এই দিনটি ভীষণ গৌরবের। আর সেটিকে উদযাপনে এখানে আসা।”
তানিয়া আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের এক অবিচ্ছেদ্য অংশ। সেটিকে অস্বীকার করে জাতি এগিয়ে যেতে পারবে না। আর বিজয় দিবস একটি দিন, যেদিন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে আবার ঝালিয়ে নিতে পারি। যেনো সারাবছর এটিকে লালন করতে পারি।”
আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, “প্রতিবছর পুরো পরিবারসহ এখানে আসি। প্রচুর মানুষ আসে। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের যে ভালোবাসা তার প্রমাণ এটি।”
স্মৃতিসৌধে আগত দর্শনার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



