Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলমন্ত্রী: বিএনপির হরতাল-অবরোধে ট্রেনে হামলা বেড়েছে

  • ২৮ অক্টোবর থেকে সহিংসতা বেড়েছে
  • তদন্তের আগে মঙ্গলবারের হামলার জন্য কাউকে দায়ী করা যাবে না
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

বিএনপির অবরোধ ও হরতাল চলাকালে রেলওয়েতে প্রতিনিয়ত হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এতে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রেলে হামলার বিষয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির ডাকা হরতাল শুরুর এক ঘণ্টারও কম সময় আগে মঙ্গলবার ভোররাতে নেত্রকোনা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিসংযোগকারীরা আগুন দিলে এক নারী ও তার ছেলেসহ চারজন নিহত হন।

কাউকে দোষারোপ করবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, “সঠিক তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।

অতীতের ধর্মঘট, অবরোধ এবং রাজনৈতিক সহিংসতার সময় ট্রেনকেই একমাত্র নিরাপদ পরিবহন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “তবে, সম্প্রতি রেলপথে কিছু হামলা হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।”

তিনি বলেন, “তারা (বিএনপি) দুই দিন ছাড়া সপ্তাহের দিনগুলোতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে। এই দিনে রেলে হামলার ঘটনা ঘটেছে।”

গত ১৬ নভেম্বর টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৯ নভেম্বর জামালপুরে যমুনা এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। 

২২ নভেম্বর সিলেট স্টেশনে পার্কিং অবস্থায় উপবন এক্সপ্রেসে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে দুর্বৃত্তরা ২০ ফুট রেলপথ বিচ্ছিন্ন করে, যার ফলে নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও প্রায় ৫০ জন যাত্রী আহত হয়।

মঙ্গলবারের পাশাপাশি এসব ঘটনার বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, “নাশকতা ও ভাংচুর নিরাপদ রেল যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ২৮ অক্টোবর থেকে রেলের সঙ্গে সহিংসতা বেড়েই চলেছে।”

রেলপথে দুর্ঘটনা কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি রেলওয়ে নিরপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলেছি। রেলপথে সহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।”

মন্ত্রী বলেন, “দুর্বৃত্তরা যদি ট্রেনে উঠে নাশকতা ঘটাতে যাত্রীদের পরিচয় দেয়, তাহলে তা নিয়ন্ত্রণ করা রেল কর্তৃপক্ষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ২০১৩-১৪ সালে বিএনপি ও জামায়াত একই কাজ করেছিল।”

রেলমন্ত্রী সুজন বলেন, “বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে কিন্তু সহিংসতা করতে পারবে না।”

“কর্ণফুলী ব্রিজ থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের অনেক অংশ চুরির নামে অপসারণ করা হয়েছে যাতে ট্রেন চলাচল করতে না পারে। এ ধরনের নাশকতা ঘটিয়ে কর্মসূচি বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন তারা,” যোগ করেন তিনি।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “আজ যারা ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে এবং চারজন যাত্রীর জীবন কেড়ে নিয়েছে তারা নিঃসন্দেহে অমানবিক। বিশেষ মহলের সম্পৃক্ততা ছাড়া যা করা সম্ভব নয়।”

   

About

Popular Links

x