ফেনী শহরের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রানী (৩০) ও তাদের সাত বছর বয়সী ছেলে রিক (০৭)। এদের মধ্যে আশীষের শরীরের ৬০% পুড়ে গেছে; ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালীও। তার স্ত্রীর শরীরের ৫০% এবং ছেলের রিকের শরীরের ৪০% পুড়ে গেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের স্টার লাইন টার্মিনালের পাশের ইতালি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মাজুদ ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।



