Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনা: নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে

প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে, লন্ডনে বসে যে হুকুম দিচ্ছে তাকে দেশে ধরে এনে বিচারের মুখোমুখি করব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ দেশে নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “এখানে তারা তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনবে, এটাই তাদের লক্ষ্য।”

শনিবার (৩০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ছাড়া আর কেউ দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে পারবে না। সে যোগ্যতা তাদের নাই। বিএনপি খুনিদের দল আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, “রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করছে, খুনি, লম্পট, জুয়াড়ি তারেকের (তারেক রহমান) কথা শুনে যে বিএনপি নেতারা মানুষ খুন করছে, তার শাস্তি তারা পাবে। যারা এটা করছে, তাদের কি লাভ সেটাই আমার প্রশ্ন।”

প্রধানমন্ত্রী বলেন, “আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে, লন্ডনে বসে যে হুকুম দিচ্ছে তাকে দেশে ধরে এনে বিচারের মুখোমুখি করব।”

তিনি আরও বলেন, “নির্বাচন না হওয়ার চক্রান্তের সমুচিত জবাব আমরা ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেব। যাতে আর কেউ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”

বঙ্গবন্ধু কন্যা বলেন, “জাতির পিতার পলাতক হত্যাকারীদের রায় আমরা কার্যকর করব। বিদেশে যারা পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনা হবে, যতো বাধাই আসুক।”

   

About

Popular Links

x