Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ অপসারণে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

১ জানুয়ারির মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি থেকে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি প্রত্যাহার করে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুরোধ জানানো হয়

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি বিজ্ঞপ্তি থেকে “ট্রান্সজেন্ডার” শব্দ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ১ জানুয়ারির মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি থেকে “ট্রান্সজেন্ডার” শব্দটি প্রত্যাহার করে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুরোধ জানানো হয়। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অভিধানে ট্রান্সজেন্ডার শব্দের আভিধানিক অর্থ ভিন্ন উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন যে, ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি আমাদের দেশীয় শব্দ নয়। বাংলা অ্যাকাডেমির অভিধানে কোথাও ‘ট্রান্সজেন্ডার’ শব্দটির উল্লেখ নেই।”

সংবাদ সম্মেলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, “একটি বিতর্কিত শব্দকে কেন ভর্তি বিজ্ঞপ্তিতে যুক্ত করা হলো তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি, ভর্তি বিজ্ঞপ্তিতে এই শব্দ সংযুক্তির মাধ্যমে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির ওপর আঘাত করা হয়েছে। আমাদের দেশজ সংস্কৃতি রক্ষায় এই শব্দটি প্রত্যাহার করা অত্যন্ত জরুরি। তাছাড়া হিজড়া সম্প্রদায়কে বোঝাতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করলে হিজড়া জনগোষ্ঠীর অধিকার খর্ব হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ‘ট্রান্সজেন্ডার’ শব্দের ব্যবহার হিজড়া ব্যতীত একটি ভিন্নগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করে। যারা হিজড়াদের অধিকারকে ফসলের আগাছার ন্যায় ছিনিয়ে নিতে পারে। তাই হিজড়া জনগোষ্ঠীদের প্রকৃত অধিকার রক্ষায় অবিলম্বে ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি প্রত্যাহার করা হোক।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের বিরোধিতা করে তারা বলেন, “সম্প্রতি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের একটি বক্তব্য আমাদের নজরে এসেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই তার বক্তব্য সম্পূর্ণ অসত্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দাওয়া সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় দিয়েছেন।”

   

About

Popular Links

x