দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা বাড়ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে গতকাল রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।
ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার দিবাগত রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৩টার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়।
অন্যদিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে ৩টার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।
এছাড়া রাত ৩টার কিছু সময় আগে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে। আর চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয় ভোর ৫টার দিকে।
সীতাকুণ্ডে সকাল ৬টার কিছু আগে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সাড়ে ৬টার দিকে। গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল ৮টার দিকে। আর ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সকাল সোয়া ৯টার দিকে।



