রাজধানী ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, “এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাদ রাখব না। প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে।”
শনিবার (৬ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “বিদ্বেষের অভিপ্রায়ে এই নিন্দনীয় হামলা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের মর্মে আঘাত হেনেছে।”
বিবৃতিতে তিনি এ ঘটনাকে মানবতার বিরুদ্ধে “অমার্জনীয় অপরাধ” হিসাবে বর্ণনা করে বলেন, “নির্বাচনের একদিন আগে ঘটে যাওয়া এই ট্রাজেডির সময়ে দেখা যাচ্ছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব, নিরাপত্তা ও সুরক্ষাকে বাধাগ্রস্ত করা।”
আগুনে জীবন্ত পুড়ে মরার বিভীষিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা গণতন্ত্রে বাধা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত এবং আমাদের নাগরিকদের অধিকারের লঙ্ঘন।”
গত ১৯ ডিসেম্বর ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনা স্মরণ করে বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জনমনে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এমন নির্লজ্জ চেষ্টা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং আসন্ন নির্বাচনে আমাদের জনগণের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের বিরোধী। ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার একই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি। এই ঘটনা আমাদের পুরো সমাজের বিবেককে, এমনকি পুরো বিশ্বকে নাড়া দিয়েছে।”



