জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামে নিজ বাসায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি জানান, দলীয় বিশৃঙ্খলা, দুর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় অসহযোগিতার কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম টুকন বলেন, “নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টাবিহীন নামধারী সংগঠন তৃণমূল বিএনপি। আমার মতো সংগঠকের জন্য এ সংগঠন নয়।”
তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে সারা দেশের প্রার্থীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণা করাটাই মূল উদ্দেশ্য। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয়, যে কারণে তৃণমূল বিএনপি থেকে সব সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।”
তৃণমূল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রতীক বরাদ্দের পর শুরুতে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করেছিলেন। তবে পরে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ এনে অসন্তোষ জানান।



