Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলের লাইনে বাইরে থেকে ফেলা হলো ডিশের তার, ট্রেন চলাচল বিঘ্নিত

এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমে যায়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

ঢাকার মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর ডিশের তার এসে পড়ায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। এতে প্রায়  ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার কিছু সময় পর দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। চলাচল স্বাভাবিক হয় ১২টা ২৮ মিনিটের দিকে।

এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে এ নিয়ে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে তাদের ভোগান্তির কথা উল্লেখ করেন।

মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের বলেন, “কারওয়ান বাজার ও শাহবাগের মাঝামাঝি এলাকায় কেউ একজন মেট্রোরেলের কেবলের ওপর একটি তার ছুঁড়ে ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলছে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

গত ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল চলাচল শুরু হয় মেট্রোরেলের।

বর্তমানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।

   

About

Popular Links

x