খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘‘ধানের দাম কারা বেশি চাচ্ছেন, তাদের নাম-ঠিকানা আমাকে দেন। যারা দাম বেশি চাচ্ছেন, তাদের হাতে যদি হাতকড়া পরাতে না পারি, তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম।’’
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়” বিষয়ে অংশীজনদের নিয়ে এ সভা করা হয়।
জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে সভায় মন্ত্রী আরও বলেন, ‘‘আপনারা প্রতিযোগিতা করে ধান কেনা বন্ধ করেন। দেখবেন, ধানের দাম ব্যবসায়ীরা কমিয়ে দেবেন। ধান তো ভোক্তারা কেনে না। তখন চালের দামও নিম্নমুখী হয়ে যাবে।’’
এর আগে খাদ্যমন্ত্রী বেলা সাড়ে ১১টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার পাঁচটি অটো রাইস মিল পরিদর্শনে যান। খাদ্যমন্ত্রী প্রথমে দেশ অ্যাগ্রো লিমিটেডে যান। তিনি মিলমালিক আবদুল খালেককে সঙ্গে নিয়ে গুদাম ঘুরে দেখেন।
আবদুল খালেকের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘দুই বছর আগে আপনার মিলে এসেছিলাম। আবারও এলাম।” তখন খালেক বলেন, “জানি স্যার, সেই ভয়ও আছে। আপনি যা বলবেন তাই মেনে নেব।”



