জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আব্দুল্লাহিল কাফি।
গ্রেপ্তার চার অভিযুক্ত হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিক ও ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান। শনিবার দিবাগত রাতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, “ভুক্তভোগীর স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। অভিযোগপত্রে মোস্তাফিজ ও মামুনুর রশীদকে ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাকি চারজনের বিরুদ্ধে মারধর ও আসামিদের পালাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।”
তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ জাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে 