Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবিতে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিত, তদন্ত কমিটি

ভিসি জানান, অছাত্রদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

সিন্ডিকেটের সিদ্বান্ত অনুযায়ী, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ও হাসানুজ্জামানের সনদ স্থগিত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি মো. মুরাদ হোসেন, মো. সাব্বির হোসেন সাগর ও এএসএম মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার ও সনদ স্থগিত করা হয়েছে, তাদেরকেও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া শাহ পরান নামে এক শিক্ষার্থীর সনদও স্থগিত করা হয়েছে।

সভা শেষে উপাচার্য বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। ক্যাম্পাস বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে।”

তিনি বলেন, “অছাত্রদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

গঠিত কমিটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বলেও জানান তিনি।

কমিটিতে রয়েছেন, অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক আফসানা হক এবং ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদ।

   

About

Popular Links

x