Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘেরাওয়ের হুঁশিয়ারি: জাবির সিন্ডিকেট সভা স্থগিত

ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে চারদফা দাবি আদায়ে সিন্ডিকেট সভাস্থলে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে চারদফা দাবি আদায়ে পূর্ব নির্ধারিত এ সিন্ডিকেট সভাস্থলে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে সিন্ডিকেট সভা স্থগিত করা হলো।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থগিত সভাটির জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, “সিন্ডিকেটের নিয়মিত সভা ডাকা হয়েছিল। সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এটি অনুষ্ঠিত হবে।”

এর আগে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত এক দম্পতিকে ডেকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তদের পালাতে সহায়তা করার অভিযোগে আরও তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে মূল অভিযুক্ত মামুন নামে এক বহিরাগত এখনও গ্রেপ্তার হয়নি।

ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনার পরদিন রবিবার সিন্ডিকেটের বিশেষ সভা ডেকে ছয় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, অবাঞ্ছিত ও সনদ স্থগিতের মতো শাস্তি দেওয়া হয়েছে।

চলমান এই আন্দোলন এগিয়ে নিতে “নিপীড়ন বিরোধী ঐক্যমঞ্চ” নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছেন শিক্ষক-শিক্ষার্থী। এই মঞ্চের পক্ষ থেকে বুধবারের সিন্ডিকেট সভায় চারটি সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের পদত্যাগ, ধর্ষণে জড়িতদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, অছাত্রদের হল থেকে দ্রুত বের করা, যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে চাকরিচ্যুত করা।

এসব দাবি মানা না হলে বুধবারের সিন্ডিকেট সভাস্থল নতুন প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছিল নিপীড়ন বিরোধী ঐক্যমঞ্চ।

   

About

Popular Links

x