Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, আটক ৩৫

বেইলি রোডের অগ্নিকাণ্ডে একসঙ্গে ৪৬ জন মারা যাওয়ার পর পুলিশ এই অভিযান শুরু করেছে

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৩১ পিএম

ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অন্তত ৩৫ জনকে আটক করেছে পুলিশ। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বা যথাযথ অনুমোদন না থাকার অভিযোগে তাদের আটক করা হয়। 

রবিবার (৩ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিন উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, খিলগাঁও, পুরান ঢাকায় এই অভিযান চালায় পুলিশ।

পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, যেসব রেস্টুরেন্ট যথাযথ নিয়ম-কানুন না মেনে ও আইন ভঙ্গ করে পরিচালিত হচ্ছে সেসব রেস্টুরেন্টে অভিযান চালানো হচ্ছে। আইন অনুযায়ী এসব রেস্টুরেন্ট মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, ধানমন্ডির একাধিক রেস্টুরেন্টে আমরা অভিযান চালাচ্ছি। অভিযান শেষ হলে বিষয়টি সংবাদ সম্মেলন করে জানানো হবে। 

পুলিশ সূত্র জানায়, ইতোমধ্যে ৩০-৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত বেশিরভাগই রেস্টুরেন্টের ম্যানেজার। তাদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ সব ডকুমেন্টস চাওয়া হয়েছে। এসব ডকুমেন্টস দেখে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সরেজমিন নয়া পল্টনের ‘‘আদি কড়াই গোস্ত’’ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ করে রাখা হয়েছে। জানতে চাইলে রেস্টুরেন্টের একজন কর্মী জানান, পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে বলে মালিকের নির্দেশনায় রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

বেইলি রোডের অগ্নিকাণ্ডে একসঙ্গে ৪৬ জন মারা যাওয়ার পর পুলিশ এই অভিযান শুরু করেছে। আগামী তিন দিন এই অভিযান চলবে। 

   

About

Popular Links

x