Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইফতারে খেজুর নয়, বরই-পেয়ারা খাওয়ার পরামর্শ শিল্পমন্ত্রীর

তিনি বলেন, ইফতারে পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন, ইফতারের প্লেট সেভাবে সাজান

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৮:৩৩ পিএম

ইফতারে খেজুরের পরিবর্তে বরই, পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘‘আঙুর-খেজুর নয়, বরই-পেয়ারা দিয়ে ইফতার করুন।’’

তিনি বলেন, ‘‘আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।’’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘‘আমাদের অভাব অভিযোগ আছে। অনেক পণ্য আমাদের আমদানি করতে হয়। দাম বেশি পড়ে। প্রধানমন্ত্রী বলেছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকরা গুরুত্বের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।’’

তিনি আরও বলেন, ‘‘এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের। আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন। বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুই এই 'জিআই' পরিচয় করে দিয়েছেন। লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে।’’

মন্ত্রী বলেন, ‘‘ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।’’

   

About

Popular Links

x